Print Date & Time : 07 November 2026 Saturday 10:14 pm

শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন। নৌকায় থাকা মাঝিমাল্লাসহ আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট-সংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জেলে এনায়েত জানান, মোট ৩১ জন আরোহী নিয়ে নৌকাটি শাহপরীরদ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন।

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, মিয়ানমারে সরকারি বাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসছিলেন। উপকূলের কাছে পৌঁছানোর পর নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের এক আত্মীয় নুরুল আমিন দাবি করেন, উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজন আগে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন। সাম্প্রতিক পরিস্থিতিতে তারা আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করলে এ দুর্ঘটনার শিকার হন। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উদ্ধারের পর ১৮ জন রোহিঙ্গাকে টেকনাফ-২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে শুক্রবার বিকেল ৫টার দিকে বিজিবি তাদের টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৮ জনকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। তারা কী উদ্দেশ্যে এবং কেন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন, তা অধিকতর যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত জানানো হবে।"

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে সংঘাত তীব্র হওয়ায় সাম্প্রতিক সময়ে সাগর ও নদীপথে বাংলাদেশে অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে। নিখোঁজদের সন্ধানে নাফ নদী ও সংলগ্ন উপকূলে স্থানীয় জেলে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুসন্ধান অব্যাহত রেখেছেন।

—জা. অর্থনীতি/এলএটি