অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে—এমন শঙ্কা থেকে অঞ্চলটির বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
জর্ডান, ইসরায়েল, ইরাকসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতির আগেই সম্ভব হলে অঞ্চল ত্যাগ করতে অথবা জরুরি প্রয়োজনে দ্রুত চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো বলেছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন অত্যন্ত জটিল এবং যেকোনো সময় ‘অপ্রত্যাশিত উত্তেজনা’ সৃষ্টি হতে পারে। এ কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে, বিমান চলাচলে বিঘ্ন, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া কিংবা ভ্রমণ ব্যাহত হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
একই ধরনের বার্তা জেরুজালেম, আম্মান, বাগদাদসহ কায়রো থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তেজনা আরও বাড়লে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আর যারা এখনো মধ্যপ্রাচ্যের বাইরে রয়েছেন, তাদের এই অঞ্চলে ভ্রমণ বা ট্রানজিট পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসগুলোর ভাষ্য, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। সতর্কবার্তায় বলা হয়, ইরান পূর্ব সতর্কতা বা উসকানি ছাড়াই বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এবং আগে লক্ষ্যবস্তু ছিল না—এমন এলাকাতেও হামলার পরিধি বাড়িয়েছে। উদাহরণ হিসেবে মিসরের কথা উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা অতীতেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে ইরান বা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ, ব্যবসাপ্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করতে পারে। কোনো দেশে আগে এমন হামলা না হওয়া মানেই ভবিষ্যতেও নিরাপদ থাকবে—এমন ধারণা না রাখতে নাগরিকদের সতর্ক করা হয়েছে।
জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটির আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিক্ষোভ ও বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলা, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, স্থানীয় গণমাধ্যমে নজর রাখা, ভ্রমণসূচি পরিবর্তনের প্রয়োজন হলে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করা এবং যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থানে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তবে নিরাপত্তা সতর্কতা জারি হলেও মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাসগুলো স্বাভাবিকভাবে কনস্যুলার ও ভিসাসেবা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ।
—জা.অর্থনীতি/আইবিএম