মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে যাত্রীবাহী বাস চাপায় আশিক আকন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। একই সাথে আহত হয়েছে মোটরসাইকেল আরোহী আরো এক যুবক। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার (১ আগস্ট) রাত ৯ টার দিকে ডাসার উপজেলার ধুলগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। নিহত আশিক ধুলগ্রাম এলাকার জালাল আকনের ছেলে ও আহত রমজান বেপারী (২০) ধুয়াশার বালিগ্রামের সোহেল বেপারীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, রাতে রমজানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আশিক। পথিমধ্যে ধুলগ্রাম বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজন সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় বাসের চালক ও সহকারী কোনো প্রকার সাহায্য না করে বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত রমজানকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি