শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা রক্ষা ও টহল কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পুলিশের কাছে একটি নতুন পুলিশ পিকআপ হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে মরহুম ডা. সেরাজুল হকের ছেলে মো. মেজবাউল হক বাবু আনুষ্ঠানিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনের হাতে পিকআপের চাবি তুলে দেন।
রোববার (২ আগস্ট) সকালে ‘ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট’-এর পক্ষ থেকে গাড়িটি উপহার দেওয়া হয়।
এ সময় শেরপুরের পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। এছাড়া ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান আকন্দ, সদস্যসচিব মো. লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এ থানায় দীর্ঘদিন ধরে একটি পিকআপের প্রয়োজনীয়তা ছিল। নতুন এ যান যুক্ত হওয়ায় অপরাধ দমন, জরুরি সেবা ও রাত্রিকালীন টহলে পুলিশের সক্ষমতা বহুগুণ বাড়বে।
অনুষ্ঠানে পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মরহুম ডা. সেরাজুল হকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উল্লেখ্য, ডা. সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট গত ২৫ বছর ধরে এলাকায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
—জা. অর্থনীতি/এলএটি