বিনোদন ডেস্ক: শ্রাবণের দিনে প্রকাশিত হলো ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গান। শ্রাবণের ১৬ (৩১ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ‘অ্যাট দ্য টেবিল’-এ আয়োজন করা হয় এর প্রকাশনা অনুষ্ঠান। এদিন অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও ‘ভিজিয়ে দিও না’ প্রকাশ করা হয়।
এ ছাড়া, অ্যালবামের আরও দুটি মিউজিক ভিডিও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গানগুলো লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক এবং চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম।
অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। সংগীতায়োজন করেছেন শান সায়েক। আধুনিকের পাশাপাশি এতে একটি দেশের গানও রয়েছে।
অ্যালবাম প্রসঙ্গে গীতিকার আহসান ইমাম বলেন, ‘অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান-অভিমান, স্মৃতি ও প্রকৃতি সব তুলে ধরার চেষ্টা করা হয়েছে গানের কথায়, সুরে আর চিত্রায়নে। এ দেশের বর্ষা ও প্রকৃতি যেন চিত্রশিল্পীর চিত্রপট। সেটাই ধরার চেষ্টা করা হয়েছে ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গান ও চিত্রায়নে।’
এগুলো প্রযোজনা করেছে মিউজিকআর্ট স্টেশন ও আলিফিয়া ডান্স এটেইলার। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি।
সাভারের বিভিন্ন স্থানে এসব ভিডিওর চিত্রধারণ করা হয়। বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে আলাদাভাবে দৃশ্যধারণের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, আহসান ইমাম ‘কম্পেনডিয়াম’, ‘জার্নি’, ‘স্পেশাল আই’, ‘অ্যাওয়ারনেস’, ‘মিশন কাশ্মীর’ ও ‘দ্য ট্রি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এসব চলচ্চিত্র বাংলাদেশসহ ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তিনি বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করেছেন।
—জা. অর্থনীতি/এনএ