Print Date & Time : 28 October 2026 Wednesday 07:06 am

চা বা বিশ্রামে পুরো টিম একসঙ্গে নয়: স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা

image

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ সদস্যদের নিশ্চিত করতে বলা হয়েছে, যেন কোনো আনঅ্যাটেন্ডেড (অরক্ষিত) যানবাহন না থাকে। পুরো টিমের সবাই একসঙ্গে চা খেতে যাবে না এবং সবাই যেন গাড়ি রেখে বিশ্রামে না যায়। অন্তত একজনকে গাড়ির কাছে থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নর্মাল প্র্যাকটিস। এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। সতর্ক আমরা সবসময় আছি।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু ও পরিত্যক্ত ব্যাগ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। মতিঝিলে মেট্রোরেলের পিলারের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনা এবং আশুলিয়ায় দুষ্কৃতিকারীদের রেখে যাওয়া ব্যাগ উদ্ধারের ঘটনা একই সূত্রে ঘটেছে কি না, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন...
১৫ টাকা কেজিতে চাল পাবেন ৫৫ লাখ পরিবার

রথযাত্রায় নিরাপত্তার এবং মতিঝিলে বোমাসদৃশ বস্তু পাওয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রথযাত্রা নিরাপদ করতে সমন্বিতভাবে কাজ করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে উল্টো রথযাত্রার দিন মতিঝিলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় কোনো পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, আগের সময়ের তুলনায় এ ধরনের ঘটনা অনেকটাই কমেছে। উগ্রবাদী তৎপরতা কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো বিষয়গুলো যারা মনিটর করেন, তারা সতর্ক রয়েছেন।

এদিকে আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নাশকতার মুরোদ আছে বলে মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি দেওয়া ছাড়া বেশি তৎপরতা দেখি না।

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষে বিষয়টি জানানো হবে।

—জা.অর্থনীতি/এএইচএ