Print Date & Time : 28 October 2026 Wednesday 12:37 am

মেহেরপুরে শিশু আবির হত্যায় দুই কিশোরের কারাদণ্ড

image

মেহেরপুর প্রতিনিধি: মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’ ও ‘পাবজি’ খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মেহেরপুরের গাংনীতে ৫ম শ্রেণির শিক্ষার্থী রেজোয়ান আল আবির (১২) হত্যা মামলায় দুই কিশোরকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দেশের সব স্মার্টফোন থেকে ফ্রি ফায়ার ও পাবজি গেম অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে বিটিআরসিকে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন।

রায়ে মিনাপাড়া গ্রামের মোস্তফা আল মুজাহিদকে (১৫) ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড এবং একই গ্রামের জুনাইদ ইসলাম হামিমকে (১৪) ৭ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি অনাদায়ে দণ্ডপ্রাপ্তদের পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ নিহতের পরিবারকে হস্তান্তরের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৬ জুন অনলাইন গেমের পাসওয়ার্ড নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে আবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে মানিকদিয়া গ্রামের একটি পাটক্ষেতে ফেলে রাখা হয়। এরপর নিহতের মালয়েশিয়া প্রবাসী বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ঘাতকেরা। পরিবার ৯৯৯-এ জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আবিরের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ২০২১ সালের ২৭ জুন নিহতের মা রোজিনা খাতুন বাদী হয়ে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনের আওতায় আদালত সর্বোচ্চ সাজা প্রদান করেছেন এবং অনলাইন গেমের অপপ্রভাব রুখতেই বিটিআরসিকে এ কঠোর নির্দেশ দিয়েছেন।

—জা. অর্থনীতি/এলএটি