অনলাইন ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে এবছর যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। বিশেষ করে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা ভারি বর্ষণ ও বন্যায় নিদারুণ ভোগান্তিতে পড়ে। এ নিয়ে দেশব্যাপী আলোচনা ও সমালোচনার মুখে স্থগিত রাখা হয় বোর্ডটির পরীক্ষা। শেষ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা বাদ রেখেই আজ শনিবার (৮ জুলাই) শেষ হলো এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা।
বন্যার কারণে স্থগিত থাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। এ বোর্ডের অধীন চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।
তাই আগামী নভেম্বর মাসের শুরুর দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (৮ জুলাই) সকালে ৯ সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, শিশু বিকাশ দ্বিতীয় পত্র এবং বিকালে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং ক্রীড়া দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। একই দিনে হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা।
অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে আগেই।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। এবার সব শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়েছে অভিন্ন প্রশ্নপত্রে।
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকশের যে বাধ্যবাধকতা আছে, তা মেনেই ফল প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হবে। যেহেতু সারা দেশের ফল একসঙ্গে প্রকাশিত হবে তাই ওই দিন থেকে ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। সে হিসাবে নভেম্বরের প্রথমার্ধে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছি।
—জা.অর্থনীতি/আইবিএম