লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া পাঁচজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য (ফেল) হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাত্র পাঁচজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের কেউই পাস করতে পারেনি।
স্থানীয়রা জানান, উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সাল থেকে প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিম্ন মাধ্যমিক থেকে উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। ২০১৩ সালে এর নিম্ন মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে নামকাওয়াস্তে প্রায় ২০০ শিক্ষার্থী থাকলেও নিয়মিত পাঠদানের অবস্থা নাজুক।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঠদানের জন্য ১১ জন শিক্ষক রয়েছেন; যার মধ্যে ৭ জন এমপিওভুক্ত এবং ৪ জন নন-এমপিও। এ ছাড়া শিক্ষকদের চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অবহেলা ও তদারকির অভাবে পড়ালেখার মান দিন দিন নিম্নমুখী হওয়ায় এবার ফলাফলে শতভাগ ধস নেমেছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব এ বিষয়ে বলেন, "উচ্চ বিদ্যালয় শাখাটি এখনও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকেরা বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে পাঠদানে তাদের আগ্রহের অভাব রয়েছে। পাশাপাশি তীব্র শিক্ষক সংকট থাকায় এ বছর ৫ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।"
ফলাফল বিপর্যয়ের বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম জানান, এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শূন্য পাসের ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে ও যথাযথ শৃঙ্খলা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি