Print Date & Time : 25 October 2026 Sunday 09:36 am

৮ শিক্ষকের স্কুলে ৫ পরীক্ষার্থীর সবাই ফেল

image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: আটজন শিক্ষকের বিপরীতে এসএসসি পরীক্ষার্থী মাত্র পাঁচজন, অথচ তাদের কেউই পাস করতে পারেনি। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৬ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির মানবিক বিভাগ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের সবাই অকৃতকার্য হয়েছে; ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

শিক্ষার্থীর তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি থাকার পরও কেন শতভাগ ফেল করল—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল। স্থানীয়দের মতে, পরীক্ষার্থী কম থাকায় শিক্ষকদের প্রতিটি শিক্ষার্থীর দিকে আলাদা নজর দেওয়ার সুযোগ বেশি ছিল। কিন্তু এ ধরনের বিপর্যয় প্রমাণ করে যে বিদ্যালয়টির পাঠদান ও তদারকিতে গভীর ঘাটতি ছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির জানান, বিদ্যালয়ে আটজন শিক্ষক কর্মরত আছেন। তবে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো পাঠদানের অনুমতি পাওয়ার বিষয়টি উল্লেখ করলেও শূন্য পাসের কারণ বা প্রস্তুতি সম্পর্কে স্পষ্ট কিছু বলেননি।

ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়। পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া জানান, "ফলাফলের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত বিদ্যালয়টি সরজমিনে পরিদর্শন করা হবে এবং এমন বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে শোকজ করা হবে।"

প্রশাসনিক তদন্ত ও শোকজের মাধ্যমে এই চরম অব্যবস্থাপনার প্রকৃত কারণ বের হয়ে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

—জা. অর্থনীতি/এলএটি