Print Date & Time : 07 November 2026 Saturday 10:18 pm

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

image

বরিশাল প্রতিনিধি: বরিশালের আদালত মূল প্রবেশ গেটে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১১টার মধ্যে বরিশাল জেলা ও দায়েরা জজ আদালতে চত্বরে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক আইনজীবী সূত্রে জানা গেছে, হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে অনেকে ধারণা করেছিলেন, ট্রান্সফর্মার কিংবা গাড়ির টায়ারের বিস্ফোরণ ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে আদালতের প্রবেশ গেটের বামপাশে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এরপর সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পর সরেজমিনে দেখা যায়, আদালত চত্বরের পুরো জায়গা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছেন।  ঘটনার বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন উল ইসলাম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ’ বরিশাল নগর পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, পটকা ফাটার শব্দ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। এরপর সিআইডির টিম এসেছে, তারা নিরীক্ষা করবে বিষয়টি। তবে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার কথাও বলেছেন বরিশাল নগর পুলিশের কমিশনার।  তবে আদালত চত্বরে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা তাৎক্ষণিক তিনি জানাতে রাজি হননি।  

এদিকে ঘটনার রহস্য উদঘাটন করতে র‌্যাব পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ করছেন।  জানা গেছে, সিআইডি টিম ইতোমধ্যে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেছেন।