বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনের ক্ষেত্রে ভালো চর্চা তুলে ধরা এবং অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘ক্যাফে ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শহরের ধানসিঁড়ি হোটেলের সেমিনার কক্ষে এএসবি‘র সহায়তায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এ ডায়ালগের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন সিডিডির কোঅর্ডিনেটর সুরীর কুমার সাহা, ডক্যুমেন্টেশন অফিসার সুচনা আক্তার ও ফিল্ড কোঅর্ডিনেটর মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট অংশীজনরা।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের আঞ্চলিক উদ্যোগের অংশ হিসেবে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি, নারীসহ অতি-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়।
আয়োজকরা জানান, বাগেরহাটের মতো জলবায়ু ঝুঁকিপ্রবণ এলাকায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং সব অংশীজনকে সঙ্গে নিয়ে কাজ করা জরুরি। এ ধরনের সংলাপ স্থানীয় বাস্তব অভিজ্ঞতাকে নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিফলিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
—জা. অর্থনীতি/এলএটি