Print Date & Time : 08 November 2026 Sunday 04:18 am

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

image

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কর এই তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত তায়েবা চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। তার রোল নম্বর ৫৬ এবং শিক্ষাবর্ষ ২০২৬-২৭। পরিচয়পত্রে তার বাবা তাজুল ইসলাম ও মা আমেনা বেগমের নাম উল্লেখ রয়েছে। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের অভিভাবকেরা থানায় আসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর ছায়াবাণী রেলক্রসিং অতিক্রম করে কিছুটা পূর্ব দিকে পৌঁছালে তায়েবা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে তার কাছে থাকা মাদ্রাসার পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়।

এদিকে, তায়েবা কেন রেললাইনের ওপর ছিলেন এবং ঠিক কীভাবে তিনি ট্রেনের নিচে কাটা পড়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। তার অভিভাবকেরা থানায় এসেছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি