Print Date & Time : 07 November 2026 Saturday 09:59 pm

চকরিয়ায় লেগুনা-বাসের সংঘর্ষ, নিহত ৪

image

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী লেগুনা ও এসি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জসিম উদ্দিন (২৫), মো. রফিক (২৮), মো. শাহেদ (২৭) ও মো. জিয়াবুল হক (২৫)। তারা চকরিয়া ও ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঈদগাঁও থেকে চকরিয়াগামী নম্বরবিহীন লেগুনাটিকে বিপরীত দিক থেকে আসা লাল-সবুজ পরিবহনের একটি এসি বাস ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে নয় যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। আহত পাঁচজনকে দুই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে।

এসআই বলেন, দুর্ঘটনায় জড়িত লেগুনা ও বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

—জা. অর্থনীতি/এলএটি