Print Date & Time : 08 November 2026 Sunday 12:18 pm

তাড়াইলে ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

image

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৭ জন এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। কৃতী শিক্ষার্থীদের এ অর্জন তাড়াইলের শিক্ষা অঙ্গনের জন্য গর্বের বিষয়। তাদের এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে। সভাপতির বক্তব্যে ইউএনও তানজিলা আখতার বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, তাড়াইল উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় ১ হাজার ৭০ জন অংশ নিয়ে ৬৫৯ জন উত্তীর্ণ হয়েছে। ভোকেশনাল পরীক্ষায় ১০৩ জনের মধ্যে ২৬ জন এবং দাখিল পরীক্ষায় ৩১১ জনের মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও দাখিল মিলিয়ে উপজেলায় সর্বমোট ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

—জা. অর্থনীতি/এলএটি