Print Date & Time : 08 November 2026 Sunday 04:24 am

অবশেষে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

image

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী সপ্তাহের শেষার্ধে নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে তার প্রথম ভারত সফর।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য প্রকাশ করেছে। দুই দিনের এ সফরের জন্য ইতিমধ্যে উভয় দেশে জোর প্রস্তুতি চলছে।

প্রতিবেদনে জানানো হয়, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, ট্রানজিট, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে। বিশেষ করে আগামী ডিসেম্বরে ১৯৯৬ সালের ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলায় এটি নবায়নের বিষয়টি আলোচনার বড় অংশ জুড়ে থাকবে।

এছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়া হিসেবে এ সফরকে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের দাবি এবং ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বিষয়ে ঢাকার সাম্প্রতিক উদ্বেগের প্রেক্ষাপটে এই শীর্ষ বৈঠকটি কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

গত ফেব্রুয়ারিতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পরই তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিল ভারত। এর ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও নয়াদিল্লি সফর করেন। সফরটি সফল হলে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি