সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় আল আমিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করলে তাকে চড় মারা হয়। বিষয়টি নিয়ে ওই শিশুর বাবা লতিফের কাছে বিচার দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার বিরোধ মীমাংসার জন্য তিনি এগিয়ে গেলে কয়েকজন তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। পরে শনিবার দুপুরে তাঁদের বাড়ির সামনে এসে কয়েকজন গালিগালাজ করতে থাকেন।
এ সময় আল আমিন এর প্রতিবাদ করলে ১৫-২০ জন লোক দা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আল আমিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জুয়েলসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রানা মিয়া (৩০) ও রবিন মিয়া (২৫) রয়েছেন।
নিহতের পরিবারের অভিযোগ, আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
—জা.অর্থনীতি/জেআরটি