Print Date & Time : 27 October 2026 Tuesday 03:34 am

সিলেটে ট্রিপল মার্ডার: অভিযুক্ত বাবুলের ৪ দিনের রিমান্ড

image

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’য় প্রবীণ দম্পতি মো. আব্দুস সাত্তার (৮২) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫) এই তিনজনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়াকে (৪০) ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা আদালতে হাজির করা হয়। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।  গত ১২ আগস্ট (বুধবার) এই নৃশংস হত্যাকাণ্ডের পর পরই অভিযান চালিয়ে পার্শ্ববর্তী রাজবাড়ী এলাকার এক কলোনি থেকে রংমিস্ত্রি বাবুল মিয়াকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে বাবুল জানান, ইতিপূর্বে ওই বাসায় রং করার কাজের সূত্রে গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে তার পরিচয় হয়। ওই দিন বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি প্রথমে তাহমিনাকে এবং পরবর্তীতে তাকে বাঁচাতে আসা সুরাইয়া বেগম ও আব্দুস সাত্তারকে ছুরিকাঘাত করে হত্যা করেন। 

পরবর্তীতে গত ১৩ আগস্ট বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।  ময়না তদন্ত শেষে নিহত দম্পতির মরদেহ সিলেটের শাহী ঈদগাহ ময়দানে জানাজা ও মানিক পীরের টিলায় দাফন সম্পন্ন হয়। নিহত আব্দুস সাত্তার সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। 

প্রবাসে থাকা স্বজন ও সন্তানেরা দেশে পৌঁছানোর পর কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে বাবুলকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি