Print Date & Time : 08 November 2026 Sunday 01:50 am

শ্রমিক কল্যাণ তহবিলে প্রথমবার ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান

image

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার (১৮ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ অর্থের চেক হস্তান্তর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩)-এর ২৩৪ ধারায় কোম্পানির নিট মুনাফার পাঁচ শতাংশের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়ার বিধান রয়েছে। এ বিধান অনুসরণ করে ২০২৪-২৫ অর্থবছরের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিলে প্রদেয় অর্থের ১০ শতাংশ হিসেবে ৪ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৭১৪ টাকা প্রদান করা হয়েছে।
 
চেক হস্তান্তরের সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদের সঙ্গে ছিলেন সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক অর্থ এবং মহাব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তারা। তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরে গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ চেক হস্তান্তর করেন।
 
বিমান কর্তৃপক্ষ বলছে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার ন্যায্য অংশ দেওয়া কেবল আইনি বাধ্যবাধকতাই নয়, এটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতারও অংশ। জাতীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধা রেখে এ অর্থ প্রদান করা হয়েছে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইতিহাসে এবারই প্রথম এ ধরনের অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়া হলো। ফলে রাষ্ট্রীয় মালিকানাধীন এ বিমান সংস্থার আর্থিক ব্যবস্থাপনায় এটি একটি নতুন সংযোজন হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
 
বিমান জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আর্থিক ব্যবস্থাপনা পরিচালনার পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে প্রতিষ্ঠানের দায়িত্ব পালনে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুযায়ী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে মুনাফার অংশ দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখা হবে।
 
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেওয়া এই অর্থ শ্রমিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে ব্যবহারের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মুনাফার একটি অংশ শ্রমিক কল্যাণে যুক্ত হওয়ার বিষয়টিও গুরুত্ব বহন করছে।
 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় আইন ও রাষ্ট্রীয় নিয়মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই প্রতিষ্ঠানটি এ অর্থ হস্তান্তর করেছে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ভবিষ্যতেও দেশের শ্রমজীবী মানুষের প্রতি এ দায়বদ্ধতা প্রতিপালন করা হবে।

—জা.অর্থনীতি/আরএস