Print Date & Time : 07 November 2026 Saturday 06:13 pm

ইয়াবাসহ আটক কৃষকদল নেতা, দল থেকে বহিষ্কার

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ইয়াবাসহ আটক এক কৃষকদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কৃষকদল।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলা কৃষকদলের সভাপতি মো. মতিউর রহমান বাবলু ও সাধারণ সম্পাদক শাহজামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত ওই নেতার নাম মো. মতিউর রহমান তারা তালুকদার (৫৬)। তিনি মেলান্দহ উপজেলার সিন্দুরা ফসল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং জাতীয়তাবাদী কৃষকদলের ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান তারা তালুকদারকে ১ নম্বর দুরমুঠ ইউনিয়ন কৃষকদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখাসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গতকাল (১৬ আগস্ট) দিনগত রাতে মেলান্দহের দুরমুঠ ইউনিয়নের সিন্দুরা ফসল এলাকায় মতিউর রহমান তারার বাড়িতে অভিযান চালায় জেলা ডিবি-২। এ সময় তাঁর বাড়ির আঙিনা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বহিষ্কারের বিষয়ে মেলান্দহ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহজামাল বলেন, ‘সংগঠন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি-২-এর অফিসার ইনচার্জ মো. সজীব রহমান বলেন, ‘জামালপুরের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-২-এর একটি দল অভিযানটি পরিচালনা করে। গতকাল আটকের পর আজ দুপুরে মাদকের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

—জা.অর্থনীতি/জেআরটি