Print Date & Time : 08 November 2026 Sunday 02:16 am

সিলেটের বৃক্ষমেলায় নজর কাড়ছে ফলজ গাছ রামবুটান

image

সিলেট প্রতিনিধি: সিলেট বিভাগীয় বৃক্ষমেলায় দর্শনার্থী ও ক্রেতাদের মূল আকর্ষণে পরিণত হয়েছে বিদেশি ফল রামবুটানের একটি গাছ, যার দাম হাঁকা হচ্ছে এক লাখ টাকা। ফল ধরার মৌসুম চলায় পাকা রসালো ফলসহ গাছটি দেখতে মেলার স্টলগুলোতে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে যৌথভাবে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। আগামী ২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফল রামবুটান দেখতে লিচুর মতো হলেও এর ওপর নরম চুল সদৃশ আবরণ থাকে। দেশে বর্তমানে কেজিপ্রতি প্রায় ১,০০০ থেকে ১,৫০০ টাকায় বিক্রি হওয়া উচ্চমূল্যের এ ফলটি নরসিংদী, গাজীপুর, নেত্রকোনাসহ পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। কলমের চারায় মাত্র ৩-৪ বছরেই এ ফল পাওয়া সম্ভব।

ম্যালাজুড়ে রামবুটান ছাড়াও বিরল ও আকর্ষণীয় দেশি-বিদেশি গাছের সমাহার রয়েছে। এর মধ্যে ৪০ হাজার টাকা মূল্যের জাপানের জাতীয় ফল পারসিমন, ২৫ হাজার টাকার চীনের ভ্যারিগেটেড কাঁঠাল, ৩০ হাজার টাকার মেলিনা চেরি, ১০ হাজার টাকার অস্ট্রেলিয়ান ফিঙ্গার লেমন এবং ৫ হাজার টাকা দামের দেশি সাতকড়া গাছ উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন স্টলে থরে থরে সাজানো রয়েছে নানা প্রজাতির বনসাই, ক্যাকটাস ও ইনডোর প্ল্যান্ট।

—জা. অর্থনীতি/এলএটি