Print Date & Time : 07 November 2026 Saturday 10:48 pm

রশি ছিঁড়ে বন্দর পাইলট আহত, ছাড়পত্র পায়নি ‘বক্স এনডেভোর’

image

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইবেরিয়ার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘বক্স এনডেভোর’ থেকে নামার সময় রশি ছিঁড়ে আহত হয়েছেন বন্দর পাইলট ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান। শুক্রবার (২১ আগস্ট) জাহাজের মই বেয়ে পাইলট বোটে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় তার ডান হাত ও পিঠে আঘাত লাগে। পরে তাকে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বন্দর সূত্রে জানা গেছে, বন্দর জেটি থেকে জাহাজটিকে বহির্নোঙরে পৌঁছে দেওয়ার পর ক্যাপ্টেন আ জ ম রবিউজ্জামান জাহাজের মই বেয়ে নিচে থাকা পাইলট বোটে নামছিলেন। এ সময় মইটির ডান পাশের রশি ছিঁড়ে গেলে তিনি নিচে পড়ে আহত হন।

সূত্রের দাবি, জাহাজের ব্রিজে ওঠানামার জন্য ব্যবহৃত মইটি জাহাজের সঙ্গে রশি দিয়ে যথাযথভাবে বাঁধা ছিল না। রশি ধরে নিচে নামার সময় ডান পাশের রশি ছিঁড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিম্নমানের বা পুরোনো রশি ব্যবহার এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ঘাটতি থেকে এমন দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার পর শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে তদন্ত করেছেন চট্টগ্রাম বন্দর ও নৌবাণিজ্য দপ্তরের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ এবং জাহাজের মই ও রশির নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হয়।

বহির্নোঙর থেকে জাহাজটির মালয়েশিয়ার পোর্ট কেলাং বন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে পাইলট আহত হওয়ার ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাহাজটিকে ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও জাহাজটির শিপিং এজেন্টের প্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি।

—জা.অর্থনীতি/আরএস