Print Date & Time : 08 November 2026 Sunday 07:19 pm

জামালপুরে বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

image

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের একটি পাঁচতলা ভাড়া বাসা থেকে ইসরাত জাহান নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এই তথ্য নিশ্চিত করেছেন। 

রবিবার (২৩ আগস্ট) সকালে শহরের পাঁচরাস্তা এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশুসন্তানকে চিৎকার করে কাঁদতে দেখে স্থানীয়রা বাড়ির মালিককে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় কান্নারত দুটি শিশুকে উদ্ধারের পাশাপাশি পাশের একটি ঘর থেকে গৃহবধূ ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়। তারা গত এক মাস ধরে বাসাটিতে ভাড়া থাকতেন।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং তদন্তের পর হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

—জা. অর্থনীতি/এলএটি