Print Date & Time : 07 November 2026 Saturday 09:11 pm

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হলেন সাইফুল্লাহ রাসেল

image

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মোঃ সাইফুল্লাহ রাসেল। 

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে তার র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্বের মাধ্যমে মো. সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি অর্জন করেছেন। দীর্ঘদিনের সাংগঠনিক আস্থা ও নিষ্ঠার জন্য তিনি সাইফুল্লাহ রাসেলের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, সাইফুল্লাহ রাসেলের নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে আরও উৎকর্ষতা ও আধুনিকায়ন আসবে। এর মাধ্যমে বাহিনীর পেশাদার সক্ষমতা আরও বাড়বে এবং একটি সুবৃহৎ প্যারামিলিটারি ফোর্স হিসেবে বাহিনীকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

মহাপরিচালক আরও বলেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তার অভিজ্ঞতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং অধীনস্থদের সঠিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

পদোন্নতির মাধ্যমে আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেলের পেশাগত জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো।

—জা. অর্থনীতি/এলএটি