হিলি (দিনাজপুর) প্রতিনিধি: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাস করে এবং কখনো একা চলার রাজনীতি করে না। সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই দলের মূল শক্তি।
বুধবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার তাগিদ দেন। নেতা-কর্মীদের আচরণ, সততা ও জনসেবামূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেন, অসুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী একটি শিক্ষাবান্ধব, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সভায় দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি