Print Date & Time : 07 November 2026 Saturday 09:21 pm

প্রেমিকের কোপে তরুণীর হাত বিচ্ছিন্ন, বাবা-মা আহত

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরে গভীর রাতে প্রেমিকার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে শয়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে (১৭) বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার বাবা ও মা। ঘটনার পর থেকে অভিযুক্ত শয়ন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শয়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে শয়ন সেলিম হোসেনের বাড়িতে ঢুকে তার মেয়ের ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় মেয়ের চিৎকার শুনে তার বাবা ও মা ছুটে এলে তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করা হয়। পরে শয়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

যশোরে ছাত্রী নির্যাতনের অভিযোগে শিক্ষক বরখাস্ত

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নৃশংস হামলার পর অভিযুক্ত শায়নকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।

—জা.অর্থনীতি/এনজে