Print Date & Time : 07 November 2026 Saturday 08:02 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

image

কুমিল্লা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, চালক এবং পণ্যবাহী গাড়ির শ্রমিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে থেমে থেমে যানজট দেখা দেয়। তবে বিকেলের পর পরিস্থিতির অবনতি হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর থেকে দাউদকান্দি হয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত বিস্তৃত হয়।

শুক্রবার রাতে আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ঢাকামুখী সড়কে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কিছু জায়গায় গাড়ি ধীরগতিতে চললেও অধিকাংশ অংশে যানবাহন দীর্ঘ সময় প্রায় স্থির ছিল। শনিবার সকালেও মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার অংশে যান চলাচল স্বাভাবিক হয়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় জানান, আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজের কারণেই মূলত যানজটের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত তথ্য দিতে পারবে বলে জানান তিনি।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাঢ়িয়ার চর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে একটি লেন দিয়েই পালাক্রমে যানবাহন পারাপার করাতে হচ্ছে। এতে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

—জা.অর্থনীতি/জেআরটি