Print Date & Time : 07 November 2026 Saturday 02:24 pm

মুরগির মাংস বেশি খাওয়ায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের বেলাগাভি জেলায় মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) জেলার মুদালাগি তালুকের হুনাশিয়াল পিজি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সীতারাম ভারতের উত্তর প্রদেশের পিলিভিত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মুদালাগির প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন তাঁর বন্ধু ও এ ঘটনায় অভিযুক্ত অরুণ কুমার। তিনিও কবিরগঞ্জের বাসিন্দা।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সীতারাম ও অরুণ কুমার একসঙ্গে পার্টি করছিলেন। এ সময় কে কতগুলো মুরগির মাংসের টুকরা খেয়েছেন, তা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করে।

জানা যায়, একপর্যায়ে অরুণ কুমার ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত সীতারামকে পরে গোকাক সরকারি হাসপাতালে নেওয়া হয়।

তবে হাসপাতালে অরুণ দাবি করেন, সীতারাম ভবন থেকে পড়ে আহত হয়েছেন। ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর এই চেষ্টা পুলিশের সন্দেহের সৃষ্টি করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অরুণ কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জা.অর্থনীতি/এসআই