Print Date & Time : 25 October 2026 Sunday 11:20 am

তিস্তাপাড়ের জনপদ বাঁচাতে কঠোর টাস্কফোর্স, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক

image

নীলফামারী প্রতিনিধি: নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা, অবৈধভাবে গভীর খাদ তৈরি বন্ধ এবং তীরভাঙনের ঝুঁকিতে দিশেহারা তিস্তাপাড়ের জনপদ বাঁচাতে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে ১৬টি নৌকা এবং ৪টি মেশিন-ইঞ্জিন ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত তিস্তা নদীর বিভিন্ন সংবেদনশীল পয়েন্টে টানা অভিযান চালিয়ে এসব সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়। 

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, রংপুর বিজিবির মেজর জুলকার নাঈন এবং ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের বার্তা পেয়েই মূল সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে গেলে টাস্কফোর্স নদী থেকে সরঞ্জামগুলো উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করে।

এর আগে তিস্তা নদীতে অবাধে পাথর উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন ও বাঁধ ধসে পড়ার আশঙ্কা নিয়ে জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শক্তিশালী এক সিন্ডিকেটের ছত্রছায়ায় নদী থেকে অবাধে পাথর উত্তোলন করা হচ্ছিল, যা তীরবর্তী লোকালয় ও বাঁধের জন্য তীব্র হুমকি। 

—জা. অর্থনীতি/এলএটি