Print Date & Time : 07 November 2026 Saturday 07:41 pm

‘ধর্মকে রাজনৈতিক হাতিয়ার না করার আহ্বান’

image

যশোর প্রতিনিধি: ধর্মকে ব্যবহার করে সমাজে বিভক্তি সৃষ্টি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যশোর শহরের ঐতিহাসিক টাউন হল মাঠে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ঐতিহাসিক টাউন হল মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেজপাড়ার সর্বজনীন পূজা মণ্ডপ চত্বরে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ধর্ম বিশ্বাস ও চেতনার বিষয়, তাই এটাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে অনৈতিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। ধর্ম ও বিশ্বাসের ভিন্নতার কারণে রাষ্ট্রে কেউ যেন বঞ্চিত বা অতিরিক্ত সুবিধাপ্রাপ্ত না হন, সে বিষয়ে সরকার ও রাষ্ট্রের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে সত্য, পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে সকলকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজের উদ্বোধনে এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এর আগে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

—জা. অর্থনীতি/এলএটি