আন্তর্জাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ধরে ভেসে থাকা অভিবাসীবাহী একটি নৌকা থেকে ৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে থাকা ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের গ্রান কানারিয়ার উপকূলীয় শহর আরগিনেগিন থেকে প্রায় ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাটির সন্ধান পায় স্প্যানিশ মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষ।
উদ্ধারকারীরা নৌকাটিতে পাঁচটি মরদেহও দেখতে পান। তবে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানায়, ওই এলাকায় ঘণ্টায় প্রায় ২০ নট বেগে বাতাস এবং ২ দশমিক ৫ মিটার উঁচু ঢেউ ছিল।
মানবাধিকারকর্মী ও স্পেনভিত্তিক দাতব্য সংস্থা কামিনান্দো ফ্রন্তেরাসের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো গারসন দাবি করেছেন, নৌকাটিতে থাকা ৮৩ জনের মৃত্যু হয়েছে। তবে নৌকাটিতে যাত্রার শুরুতে ঠিক কতজন ছিলেন, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষ।
ধারণা করা হচ্ছে, নৌকাটি পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে আগস্টের শুরুতে যাত্রা করেছিল। উদ্ধার হওয়া ৪৪ জনই সাব-সাহারান আফ্রিকার পুরুষ। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের সমুদ্রপথে গ্রান কানারিয়ায় পৌঁছে দেওয়া হয়।
ক্যানারি দ্বীপপুঞ্জের সরকারের প্রধান ফার্নান্দো ক্লাভিহো ঘটনাটিকে ‘অসহনীয়’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আটলান্টিক যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
পশ্চিম আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর এই আটলান্টিক রুট বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ। প্রতিবছর হাজারো মানুষ উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে এই দীর্ঘ ও দুর্গম সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করেন।
সূত্র: বিবিসি
জা.অর্থনীতি/এসআই