Print Date & Time : 28 October 2026 Wednesday 06:01 am

প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলি কম, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ওজনে কম দেওয়ার অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় এক জ্বালানি তেল বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভাদুঘর এলাকায় মেসার্স আরেফিনস ট্রেডার্স নামক পেট্রোল ও ডিজেল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তদারকিমূলক অভিযানের সময় মেসার্স আরেফিনস ট্রেডার্সে পরিমাপ পরীক্ষা করা হলে প্রতি ৫ লিটার তেলে ২০০ মিলিলিটার করে কম দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ মেলে। প্রতিষ্ঠানের মালিক তার অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

—জা. অর্থনীতি/এলএটি