Print Date & Time : 08 November 2026 Sunday 04:23 am

দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত ৫, আরও হতাহতের শঙ্কা

image

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল পেইং গেস্ট (পিজি) ভবন ধসে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) ট্রমা সেন্টারে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হলে নিহতের সংখ্যা পাঁচে পৌঁছায়।

ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে এখনো ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে জোরালো অভিযান চালাচ্ছে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, মিউনিসিপ্যাল করপোরেশনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, উদ্ধারকাজকে ‘যুদ্ধকালীন তৎপরতার’ মতো গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১১ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি দুজনের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

রবিবার বেলা ১টা ৩৪ মিনিটে দক্ষিণ ক্যাম্পাস থানায় ভবনধসের খবর আসে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভবনটি ছেলেদের পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচতলা ভবনটির নাম ছিল ‘হোস্টেল ডেজ’। ভবনটির পাশের একটি স্থাপনাও ধসে পড়েছে বলে জানা গেছে।

ভবনধসের সময় অধিকাংশ শিক্ষার্থী নিজ নিজ কক্ষে ছিলেন বলে স্থানীয় শিক্ষার্থীরা জানিয়েছেন। ভবনে মোট কতজন ছিলেন, তা নিবন্ধনসংক্রান্ত তথ্য যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) কর্মীরা দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের কার্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন। তাঁরা এমসিডি কমিশনারের পদত্যাগ দাবি করেন।

জা.অর্থনীতি/এসআই