Print Date & Time : 27 October 2026 Tuesday 06:23 pm

জেলে যাওয়ার শখ মেটাতে গয়না চুরি করে পালালেন তরুণী

image

আন্তর্জাতিক ডেস্ক: জেলে যাওয়ার ইচ্ছা থেকেই নাকি স্বর্ণের গয়না চুরি করেছিলেন এক তরুণী। রাজস্থানের জয়পুরের লক্ষ্মী নগরের একটি স্বর্ণের দোকানে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। দোকান থেকে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের আংটি নিয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত দোকানের মালিক ও এক কর্মীর ধাওয়ায় ধরা পড়েন ওই তরুণী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ আংটি কেনার কথা বলে দোকানে ঢোকেন তরুণী। তাঁর কথামতো দোকানদার একটি বাক্সে রাখা ২৫টি সোনার আংটি দেখাচ্ছিলেন। সেগুলির মোট মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

তরুণী প্রথমে দু’টি আংটি পছন্দ করেন। এরপর জানান, তিনি বাবাকে ফোন করে দোকানে ডাকছেন এবং বাবা এসে আংটির দাম মিটিয়ে দেবেন। সেই সময় দোকানে আরও কয়েক জন ক্রেতা আসায় তাঁদের গয়না দেখাতে ব্যস্ত হয়ে পড়েন দোকানদার ও কর্মীরা।

অভিযোগ, এই সুযোগেই আংটিভর্তি বাক্সটি তুলে নিয়ে দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান তরুণী। তবে কিছুটা দূর যেতেই দোকানের মালিক ও এক কর্মী তাঁর পিছনে ছুটতে শুরু করেন। প্রায় ৫০০ মিটার ধাওয়া করার পর তাঁকে ধরে ফেলেন তাঁরা। উদ্ধার হয় স্বর্ণের আংটির বাক্সটিও। পরে তরুণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশের হেফাজতে থাকা ওই তরুণী দাবি করেছেন, ‘‘আমি জেলে যেতে চাই বলেই এই কাজটি করেছি।’’

ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে। ‘জয়পুরবাজ়’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই