Print Date & Time : 28 October 2026 Wednesday 07:00 am

ইতালিতে বাঁধনকে হেনস্তা, বিনোদন অঙ্গনে ক্ষোভ

image

বিনোদন ডেস্ক: ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি। 

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করেন বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

বাঁধনের ওপর প্রকাশ্যে হেনস্তা ও হামলার ঘটনায় ক্ষোভে ফুসে উঠেছে দেশের বিনোদন অঙ্গন। নারী ও শিল্পীদের প্রতি মানুষের এ হেন হিংসাত্মক ও সংবেদনহীন আচরণের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।

এদিকে নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান নিষ্ঠুরতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনিও।

বাঁধনের পাশে এক শিশুর কান্নার দৃশ্য দেখে পরীমনি ফেসবুকে লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

অভিনেত্রী জাকিয়া বারী মমও ঘটনার নিন্দা জানিয়েছেন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বাঁধনকে হেনস্তার ভিডিও শেয়ার করে ঘৃণা প্রকাশ করেন। 

পরে দেওয়া এক পোস্টে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মম লেখেন, ‘কিছুই ঠিক হচ্ছে না! এই কর্মকাণ্ডগুলোর কোনোটাই ভালো হচ্ছে না!’ এরপর তিনি নারী ও শিশু নির্যাতন, খুন, সন্ত্রাস, নারীর প্রতি অসম্মানসহ বিভিন্ন বিষয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন।

বাঁধনের সহশিল্পী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

—জা. অর্থনীতি/এএইচএ