Print Date & Time : 08 November 2026 Sunday 01:54 am

ময়মনসিংহে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের চাঞ্চল্যকর সাথী আক্তার হত্যা মামলায় হৃদয় নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মার্চ মোবাইলের একটি মিসড কল কেন্দ্র করে সাথী আক্তারের বড় বোনের সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে হৃদয় ও তার সহযোগীরা নগরীর আকুয়া জুবলী কোয়ার্টার এলাকায় তাদের ভাড়া বাসায় গিয়ে হুমকি ও মারধর করেন। ঘটনার দুদিন পর ২৩ মার্চ দিবাগত রাতে হৃদয় সহযোগীদের নিয়ে পুনরায় বাসায় চড়াও হন। এ সময় সাথী আক্তার দরজা খোলার সাথে সাথেই তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় ২৪ মার্চ নিহতের ছোট বোন মোছা. শিউলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। জরিমানার এক লাখ টাকা আসামির সম্পত্তি থেকে আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে ময়মনসিংহ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আনোয়ার আজিজ টুটুল জানান, অপরাধ প্রমাণে রাষ্ট্রপক্ষ সফল হয়েছে এবং এই রায় সমাজে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এলএটি