Print Date & Time : 08 November 2026 Sunday 10:02 am

সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

image

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী ও একটি অটোভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর আওতাধীন চান্দাপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মালামাল পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দাপাড়ায় অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও অটোভ্যানটি ফেলে পালিয়ে যান। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১টি অটোভ্যানসহ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, জব্দকৃত প্রসাধনী সামগ্রী ও যানবাহনের আনুমানিক সিজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি