Print Date & Time : 27 October 2026 Tuesday 05:39 am

বরিশালে ভূমি অফিসের ২ কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ

image

বরিশাল প্রতিনিধি: ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনুপস্থিত থাকা দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। পরিদর্শনকালে উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি। বিষয়টি নজরে আসতেই নেওয়া হয়েছে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা।

নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একইদিন বিকেলে তাদের বদলীর আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিবাদ

অফিস আদেশ অনুযায়ী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলী করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

সূত্র আরও জানায়, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত, সেবা প্রদানের মান এবং দায়িত্ব পালনের বিষয়টি নজরদারিতে রাখতে শুধু আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস নয়; জেলার বিভিন্ন ভূমি অফিসে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের নির্দেশনায় এই মনিটরিং ও আকস্মিক পরিদর্শন কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

সূত্রমতে, কোনো নির্দিষ্ট সময় বা আগাম নোটিশ ছাড়াই যেকোনো দিন, যেকোনো মুহুর্তে জেলার বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করা হবে।

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের মাদারীপুরের বাড়িতে তালা

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে বুধবার বিকেলে বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলমান থাকবে।

—জা. অর্থনীতি/এনজে