Print Date & Time : 08 November 2026 Sunday 05:03 pm

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল

image

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগ ঘিরে তদন্তের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের জন্য ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে দুর্নীতির অভিযোগের তদন্তের মধ্যে গত বছর তাকে বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে পাঠায় সংস্থাটি।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) গত মার্চে পুতুলের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। এর আগে গত বছরের জুলাইয়ে তাকে প্রথম প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচওর কাছে দেওয়া পুতুলের আইনজীবীদের এক চিঠিতে সংস্থাটির পক্ষ থেকে চীন সফরের সময় আর্থিক জালিয়াতি এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুতুল।

পদত্যাগপত্রে পুতুল আরও দাবি করেন, বাংলাদেশে একটি জমি অবৈধভাবে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। তার ভাষ্য, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি জমিটি পেয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য আইনের আওতায় তা পেয়েছেন।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে পুতুল বলেন, দীর্ঘদিন বেতন না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর আস্থা হারানোর কথাও জানান।

পুতুল এ বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হননি। ডব্লিউএইচওর কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জা.অর্থনীতি/এসআই