Print Date & Time : 08 November 2026 Sunday 04:49 am

মোখা দখলে বদলে যাচ্ছে ইয়েমেন যুদ্ধের সমীকরণ

image

আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর তীরবর্তী মোখা শহর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর ইয়েমেন পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ এই শহর দখলের ঘটনায় দেশটির চলমান যুদ্ধে নতুন মোড় তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি পর্যালোচনা এবং সংকট মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে।

বিশ্লেষকদের মতে, মোখা হাতছাড়া হওয়া ইয়েমেন সরকারের জন্য বড় ধরনের সামরিক ও কৌশলগত ধাক্কা। বন্দরনগরী ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথের কাছাকাছি অবস্থানের কারণে মোখা সামরিক ও বাণিজ্যিক-দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার ফলে হুতিরা সামরিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি লোহিত সাগরের নৌ চলাচলের ওপর বাড়তি প্রভাব বিস্তারের সুযোগ পেতে পারে।

নিরাপত্তা পরিষদের বৈঠকে লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সম্ভাব্য নতুন মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ইয়েমেনে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত এবং সংঘাতের রাজনৈতিক সমাধানের উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে।

তবে মোখা দখলের পর হুতিদের সাম্প্রতিক সামরিক তৎপরতায় সংকট আরও জটিল হয়ে পড়েছে। বিশেষ করে বাব আল-মানদেব প্রণালির আশপাশে তাদের নিয়ন্ত্রণ ও প্রভাব বাড়লে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা নতুন ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত এখন আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে।

জা.অর্থনীতি/এসআই