Print Date & Time : 08 November 2026 Sunday 01:44 am

ভালুকায় জমি দখলের চেষ্টায় গাছ কাটার অভিযোগ

image

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার আশকা এলাকায় পৈতৃক জমি জবরদখলের উদ্দেশ্যে গাছপালা কেটে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক মো. হুমায়ুন কবির (৪৫) বাদী হয়ে ভালুকা মডেল থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করেন।

অভিযুক্তরা হলেন- উপজেলার আশকা এলাকার মো. তাছেন আলী শেখ (৬০), মো. রাসেল শেখ (৩৫), মো. রাজিব মিয়া (৩৩), মো. রকিবুল ইসলাম (২৯), মো. শহিদুল ইসলাম (২৭), মো. মাসুম মিয়া (২৪), মো. আপেল শেখ (৩৫), মো. জুয়েল শেখ (৪০) ও মো. রুবেল শেখ (৪৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, হুমায়ুন কবির ও তার চাচাতো ভাই মো. খলিলুর রহমান বি.আর.এস রেকর্ডীয় পৈতৃক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।  এ সময় জমিতে থাকা ৩টি কাঁঠালগাছ, ২টি একাশি গাছ এবং প্রায় ৫০টি বাঁশসহ বিভিন্ন গাছ কেটে ফেলেন তারা। এতে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে হুমায়ুন কবির ও তার ভাই বাধা দিতে গেলে বিবাদীরা দা ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলার উদ্দেশ্যে ধাওয়া করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগীরা কোনোমতে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মরক্ষা করেন।

তবে গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অন্যতম অভিযুক্ত রাজিব মিয়া দাবি করেন, জমিটি তাদের যৌথ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এবং এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। তারা কোনো গাছ কাটেননি এবং জমিটি তাদের দখলেই রয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এলএটি