Print Date & Time : 08 November 2026 Sunday 04:01 am

চাঁদপুরে বাসের চাপায় অটোরিকশার আরোহী নিহত

image

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় থেমে থাকা অটোরিকশায় জৈনপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় সাদিয়া আক্তার (২৩) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চারজন মারাত্মক আহত হয়েছেন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা বড় বাড়ির সামনে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিয়া আক্তার খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গ্রামের প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তিনি তিন বছরের একটি কন্যাসন্তানের জননী ছিলেন।

এ দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন- অটোরিকশাচালক মো. ফারুক (৪২) এবং যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও পরস্পরের আত্মীয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের পর আত্মীয়ের জানাজায় অংশ নিতে তারা অটোরিকশাযোগে রওনা হন। নাগদা বড় বাড়ির সামনে গাড়িটি পৌঁছালে পেছন থেকে আসা চাঁদপুর থেকে ঢাকাগামী ‘জৈনপুর পরিবহন’-এর একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নুরে আলম সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, নিহত নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাস ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

—জা. অর্থনীতি/এলএটি