Print Date & Time : 08 November 2026 Sunday 04:36 am

ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ ফের উঠছে নিলামে

image

আন্তর্জাতিক ডেস্ক: প্রিন্সেস ডায়নার বহুল আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’ এবার আবারও নিলামে উঠতে চলেছে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নিলামে কালো রঙের সেই অফ-শোল্ডার পোশাকটির দাম দেড় থেকে তিন লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।

১৯৯৪ সালের জুনের এক সন্ধ্যায় লন্ডনের সার্পেন্টাইন গ্যালারিতে নৈশভোজে যোগ দিতে এই পোশাক পরেছিলেন ডায়না। ঘটনাটির বিশেষ তাৎপর্য ছিল। সেদিনই একটি টেলিভিশন সাক্ষাৎকারে তৎকালীন যুবরাজ চার্লস স্বীকার করেছিলেন যে তিনি বৈবাহিক সম্পর্কে বিশ্বস্ত থাকতে পারেননি। চার্লসের সেই স্বীকারোক্তির দিনেই ডায়নার সাহসী পোশাকে প্রকাশ্যে আসা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে পোশাকটির নাম হয়ে যায় ‘রিভেঞ্জ ড্রেস’।

পোশাকটির নকশা করেছিলেন ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান। জানা যায়, পোশাকটি কেনার পর প্রায় তিন বছর ডায়নার ওয়ার্ডরোবেই ছিল। ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ হিসেবে পোশাকটি কিছুটা বেশি সাহসী বলে মনে হওয়ায় সেটি পরা নিয়ে তাঁর সংশয় ছিল। শেষ পর্যন্ত সেই বিশেষ সন্ধ্যাতেই পোশাকটি পরার সিদ্ধান্ত নেন তিনি।

শুধু পোশাক নয়, সেদিনের সাজেও ছিল বিশেষ বৈশিষ্ট্য। কালো হিল, ক্লাচ ব্যাগের পাশাপাশি গলায় নজরকাড়া একটি চোকার পরেছিলেন ডায়না। চোকারটি হীরা ও নীলকান্তমণি খচিত একটি পুরোনো ব্রোচ থেকে তৈরি হয়েছিল বলে জানা যায়। সেটি তাকে বিয়ের উপহার হিসেবে দিয়েছিলেন কুইন মাদার।

এর আগে নিজের সংগ্রহে থাকা আরও ৭৮টি পোশাকের সঙ্গে এই পোশাকটিও বিক্রি করেছিলেন ডায়না। সেই নিলাম থেকে পাওয়া অর্থ স্তন ক্যানসার ও এইডস নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংস্থায় দেওয়া হয়েছিল। এবার ফের নিলামে উঠছে ইতিহাসের অন্যতম আলোচিত এই পোশাক।

জা.অর্থনীতি/এসআই