Print Date & Time : 08 November 2026 Sunday 03:36 am

সৌদিতে ড্রোন হামলার পর ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

image

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের তেল পাইপলাইনে ইরাকের ভূখণ্ড থেকে ড্রোন হামলার পর ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ শালামচেহ সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে ইরাক। একই সঙ্গে হামলার ঘটনায় দক্ষিণাঞ্চলীয় মায়সান প্রদেশে সামরিক অভিযানের দায়িত্বে থাকা এক কমান্ডারকে বরখাস্ত করেছে বাগদাদ।

রয়টার্সকে ইরাকের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সর্বশেষ ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরাক-ইরান সীমান্তের শালামচেহ ক্রসিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইরাকজুড়ে ব্যাপক অভিযানও শুরু হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্তে সৌদি আরবকে লক্ষ্য করে চালানো সর্বশেষ ড্রোন হামলাগুলোর উৎস ইরাকের ভূখণ্ড বলে নিশ্চিত হওয়ার পর এক সামরিক কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত ওই কমান্ডার মায়সান প্রদেশে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন।

এর আগে সৌদি আরব জানিয়েছিল, ইরাক থেকে আসা একাধিক ড্রোন রিয়াদ ও মদিনা অঞ্চলে দেশটির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন লক্ষ্য করে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং পাইপলাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

ঘটনার পর সৌদি আরবের সঙ্গে উত্তেজনা কমাতে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ইরাকি সরকার। একই সঙ্গে ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে বাগদাদ।

জা.অর্থনীতি/এসআই