Print Date & Time : 08 November 2026 Sunday 10:12 am

সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টন

image

অনলাইন ডেস্ক: দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সরকারি খাদ্যশস্যের মজুত ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। ৯ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমান মজুতের মধ্যে চাল ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন, গম ২ লাখ ৩২ হাজার ১৮৩ টন এবং ধান ৩৪ হাজার ৭০ টন। ফ্লোটিং মজুত হিসেবে রয়েছে ৬৮ হাজার ৭২৩ মেট্রিক টন গম।

সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতাও বাড়ানো হয়েছে। আগে ধারণক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। বর্তমানে তা ২৭ লাখ টনে উন্নীত হয়েছে। আগামী পাঁচ বছরে এই সক্ষমতা ৩৪ লাখ টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এদিকে নিরাপদ খাদ্য মজুতের সীমাও বাড়ানো হয়েছে। আগে ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনকে নিরাপদ সীমা ধরা হলেও জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য গ্রহণের পরিমাণ বিবেচনায় তা ১৬ লাখ টনে উন্নীত করা হয়েছে।

চলতি বোরো মৌসুমে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ধান ও চাল মিলিয়ে ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ হয়েছে। এর মধ্যে ধান ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন, সিদ্ধ চাল ১২ লাখ ১ হাজার ৫৬৮ টন এবং আতপ চাল ১ লাখ ৫ হাজার ৩১৩ টন। এছাড়া ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উৎপাদন, সংগ্রহ, আমদানি ও মজুত-সব ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

জা.অর্থনীতি/এসআই