Print Date & Time : 07 November 2026 Saturday 09:11 pm

২৬ সেপ্টেম্বর ঢাকায় মাতাবে পাকিস্তানি ব্যান্ড কাভিশ

image

বিনোদন ডেস্ক: নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট অবশেষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর রাজধানীতে বসবে এই সংগীতের আয়োজন। কনসার্টে কাভিশের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলও পারফর্ম করবে।

আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন গত শনিবার (১২ সেপ্টেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করে। এর আগে আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। এবার নতুন নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কনসার্টের ভেন্যুর নাম আপাতত প্রকাশ করেনি আয়োজকরা। তবে গত বছর যারা আয়োজনটির অগ্রিম টিকিট কিনেছিলেন, তারা আগের টিকিট দিয়েই এবারের কনসার্টে অংশ নিতে পারবেন। একই সঙ্গে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ে নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে। সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।

কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতির কারণে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়। এরপর থেকেই কাভিশের ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে অপেক্ষা ছিল।

জাফর জাইদি ও মাজ মাওদুদ ১৯৯৮ সালে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। এরপর অল্প সময়েই দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায় কাভিশের গান। ব্যান্ডটির পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

জা.অর্থনীতি/এসআই