Print Date & Time : 07 November 2026 Saturday 08:03 pm

নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ইজিবাইকসহ তলিয়ে যাওয়ার প্রায় ২৫ ঘণ্টা পর ইজিবাইক চালক প্রীতম এরিক পিতুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জের নতুন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

নিহত প্রীতম এরিক পিতু (২৫) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা গ্রামের প্রয়াত টমাস এরিকের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। দুই সন্তানের জনক প্রীতমই ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি।

গাজীপুরে সুটকেসবন্দী নারীর দ্বিখণ্ডিত লাশ: পরিচয় শনাক্ত

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় যাত্রী নামিয়ে ফিরছিলেন প্রীতম। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকসহ ধলাই নদীতে পড়ে যান তিনি। 

খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় ধরে নদীতে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সেদিন তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে আজ দুপুরে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নদীর পানিতে ভাসতে থাকা মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বটতলা এলাকা।

এলাকাবাসী বলছে, ধলাই নদীর নতুন ব্রিজসংলগ্ন স্থানে নিরাপত্তা বেষ্টনী না থাকায় প্রায়ই ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হয়। প্রীতমের মৃত্যুর পর তারা দ্রুত এই স্থানে রেলিং ও সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন।

—জা. অর্থনীতি/এনজে