Print Date & Time : 08 November 2026 Sunday 04:16 am

আদালতের সামনে থেকে মেয়েকে অপহরণ, কান্নায় ভেঙে পড়লেন মা

image

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদীতে আদালতের সামনে থেকে মাকে মারধর করে জান্নাতুল মাওয়া মুক্তা (১২) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মেয়েকে উদ্ধারের দাবিতে কান্নায় ভেঙে পড়েছেন তার মা বিবি আয়েশা। দ্রুত অভিযান চালিয়ে মেয়েকে উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিবি আয়েশা। এ সময় পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযুক্ত রনি কবিরহাট উপজেলার ধানশিড়ি ইউনিয়নের মকবুল চৌধুরী হাট এলাকার বাসিন্দা।

অপহৃত মেয়ে জান্নাতুল মাওয়া মুক্তা কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সৌদি আরবপ্রবাসী মহিউদ্দিন সুমন। 

নেই স্থায়ী নিরাপত্তাপ্রাচীর, ঝুঁকিতে জাবির ৩ ছাত্রী হলের শিক্ষার্থীরা

বিবি আয়েশা অভিযোগ করেন, গত ১৬ জুলাই বিদ্যালয়ে যাওয়ার পথে রনি ও তার সহযোগীরা মুক্তাকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ করেন। পরে ডিবি পুলিশের সহায়তায় গত ১৪ আগস্ট মুক্তাকে উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে তাকে একটি সেইফ হোমে রাখা হয়েছিল।

বিবি আয়েশার দাবি, ভিকটিমের মেডিকেল রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন প্রস্তুত হতে দেড়ি হওয়ায় মামলার আইনগত কার্যক্রমও দেড়ি হচ্ছে।

তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর আদালত মুক্তাকে তার জিম্মায় দেওয়ার নির্দেশ দেন। আদালতের কার্যক্রম শেষে মেয়েকে নিয়ে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে জজ কোর্টের সামনে, প্রেসক্লাব রোড এলাকায় রনি, আলা উদ্দিনসহ ২০ থেকে ২৫ জন যুবক তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা বিবি আয়েশা, তার মা, দেবর ও শ্বশুরকে মারধর করে। একপর্যায়ে রনি ও আলা উদ্দিন ছুরি ও চাপাতি দেখিয়ে তাদের হত্যার হুমকি দেন। পরে ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে তাদের কাছ থেকে মুক্তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তরুণীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার দায়ে আটক ৩

এরপর থেকে মেয়ের কোনো সন্ধান পাচ্ছেন না জানিয়ে বিবি আয়েশা বলেন, আমার মেয়েকে দ্রুত উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে দিন। যারা আমার মেয়েকে বারবার অপহরণ করছে, তাদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

তিনি আরও বলেন, তার মেয়ের বয়স মাত্র ১২ বছর। মেয়ের নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত অভিযান চালিয়ে মুক্তাকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মুক্তার চাচা আরমান অভিযোগ করেন, আদালতের সামনে তাদের ওপর হামলা ও মারধর করে মুক্তাকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে।

তার দাবি, রনিকে তারা ব্যক্তিগতভাবে আগে চিনতেন না। তার ফুফুর বাড়ি তাদের বাড়ির কাছে হওয়ায় সেই সূত্রে পরিচয় তৈরি হয়েছিল।

আরমান বলেন, মুক্তার বাবা দীর্ঘদিন ধরে বিদেশে থাকেন। ঘটনার পর তাদের পরিবারে চরম অশান্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মুক্তা সবার বড়। মেয়েটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

৮ দিন ধরে কিশোর নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দ্রুত কিশোরী জান্নাতুল মাওয়া মুক্তাকে উদ্ধার, তার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

—জা.অর্থনীতি/এনজে