Print Date & Time : 08 November 2026 Sunday 02:06 am

ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

image

জাবি প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বিস্তার রোধ ও ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। কর্মসূচিতে শাখা ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়। কর্মসূচিটি সঞ্চালনা করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

এ সময় জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে জনবলের ঘাটতি থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবেন।”

তিনি আরও বলেন, “গত দুই মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। প্রশাসনকে এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের সচেতন করতে ভবিষ্যতে লিফলেট বিতরণসহ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে ছাত্রদল।”

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “পরিচ্ছন্নতার প্রাতিষ্ঠানিক গুরুত্বের দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এটি প্রাণ-প্রকৃতির এক অভয়ারণ্য। এখানে শুধু মানুষই নয়, ভিন্ন আদর্শের মানুষসহ বিভিন্ন প্রজাতি একসঙ্গে সহাবস্থান করে। তাই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সময় খেয়াল রাখতে হবে, যেন প্রাণ-প্রকৃতির কোনো ক্ষতি না হয়।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে মশা বিশেষজ্ঞ, কীটপতঙ্গ বিশেষজ্ঞ ও পরিবেশবিজ্ঞানীরা রয়েছেন। তাদের সহযোগিতা নিয়ে ছাত্রদলের এই উদ্যোগকে কার্যকর করতে প্রশাসন পাশে থাকবে। মাসব্যাপী এই কার্যক্রম সবাইকে পরিচ্ছন্ন থাকার এবং নিজের ক্যাম্পাস পরিষ্কার রাখার জন্য অনুপ্রেরণা জোগাবে।”

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জনবল সংকট কাটিয়ে উঠতে সহায়ক হবে এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যদেরও উৎসাহিত করবে।

এ সময় সবাইকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সবাইকে সচেতন হতে হবে, যাতে নিজের হাতে থাকা ময়লা রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা হয়।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

—জা. অর্থনীতি/এলএটি