Print Date & Time : 07 November 2026 Saturday 06:37 pm

সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন

image

অনলাইন ডেস্ক: দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

ডিএই মহাপরিচালকের কার্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং ও বাস্তবায়ন অনুবিভাগের ৪০২ নম্বর কক্ষে নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম পরিচালিত হবে।

অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তারা দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম পরিচালনায় কর্মকর্তাদের দুই শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম শিফটে সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পৃথক কর্মকর্তারা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রতিদিনের সারসংক্রান্ত প্রতিবেদন নির্ধারিত ই-মেইল ঠিকানা অথবা ‘DAE Control Room Daily Information’ নামে খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

এর মাধ্যমে সার সরবরাহ, মজুত ও বিতরণ সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী সার ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের ফলে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জা.অর্থনীতি/এসআই